বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরার রোডম্যাপ ২০২৬–২৭ বাজেট: কর্মচারীবান্ধব সরকারের বার্তা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ || রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা ২০২৬–২৭ অর্থ বছরের রাজ্য বাজেটকে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরা গঠনের একটি গুরুত্বপূর্ণ রোডম্যাপ বলে অভিহিত করেছেন। সোমবার ত্রিপুরা বিধানসভায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্য সামনে রেখে এবারের বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে উৎপাদন বৃদ্ধি, বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলা, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির প্রসারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। তাঁর মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
তিনি আরও জানান, বাজেটে গ্রামীণ উন্নয়ন, নারী ক্ষমতায়ন, যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণ এবং কৃষকদের কল্যাণের বিষয়গুলিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হল সমাজের প্রতিটি স্তরের মানুষের উন্নয়ন নিশ্চিত করা এবং উন্নয়নের সুফল প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছেও পৌঁছে দেওয়া।
মহার্ঘ্য ভাতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার একটি কর্মচারীবান্ধব সরকার হিসেবে পরিচিত। সরকারি কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও কর্মচারীদের কল্যাণে সরকার ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও তিনি আশ্বাস দেন।
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন, উন্নয়নমুখী এই বাজেট রাজ্যের সামগ্রিক অগ্রগতির ক্ষেত্রে নতুন দিশা দেখাবে এবং আগামী দিনের ত্রিপুরাকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সহায়ক হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*