গণ্ডাছড়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনে মহকুমা ভিত্তিক বন মহোৎসব, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান, বিশিষ্ট অতিথিদের অংশগ্রহণে সবুজায়নের বার্তা

সুব্রত দাস, গন্ডাছড়া, ৩১ জুলাই || ত্রিপুরা সরকারের বন বিভাগের উদ্যোগে গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গণে শুক্রবার জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো মহকুমা ভিত্তিক বন মহোৎসব। পরিবেশ সংরক্ষণ, বনায়ন সম্প্রসারণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা শ্রীমতী নন্দিতা দেববর্মা (রিয়াং)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুম্বুরনগর আরডি ব্লকের বিএসি চেয়ারম্যান শ্রী প্রেম সাধন ত্রিপুরা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ গঙ্গানগর-গণ্ডাছড়া কেন্দ্রের এমডিসি শ্রী খত্রজয় রিয়াং। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ্ডাছড়া মহকুমা শাসক (IAS) শ্রী অভিজিৎ সিং যাদব, ডুম্বুরনগর আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান শ্রী বিকাশ চাকমা, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ শ্রী বিজয় কুমার পান্ডে, বিশিষ্ট সমাজসেবী শ্রী ধৈন্যমাণিক ত্রিপুরা, শ্রী চরণ বাঁশী ত্রিপুরা, শ্রী প্রমোদ ত্রিপুরা এবং গুমতি বন্যপ্রাণী অভয়ারণ্যের ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সবীর কান্তি দাস (TFS)-সহ বন বিভাগের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের অংশ হিসেবে অতিথিরা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং প্রত্যেকে নিজ হাতে একটি করে চারাগাছ রোপণ করেন। পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই প্রতীকী উদ্যোগ উপস্থিত সকলের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে বনভূমি সংরক্ষণ ও অধিক সংখ্যক বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রতিটি নাগরিকের অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করা অত্যন্ত জরুরি।
বন বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথিরা ভবিষ্যতেও এ ধরনের পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি আরও বিস্তৃত আকারে আয়োজনের আহ্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*