এডিসি ভিলেজ নির্বাচন ঘিরে সরগরম বিজেপি, ৬টি মণ্ডলের নেতাদের নিয়ে জেলা কার্যালয়ে রণকৌশল বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী

গোপাল সিং, খোয়াই, ০৫ সেপ্টেম্বর || আসন্ন টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই জেলায় সংগঠনকে বিজয়ের সরণিতে নিয়ে যেতে কোমর বেঁধে মাঠে নামল শাসকদল বিজেপি। আজ বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে জেলার অন্তর্গত ৬টি মণ্ডলের প্রতিনিধি ও শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূল দিশারী হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচনী ইনচার্জ তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
বৈঠকে খোয়াই জেলার তিন দলীয় বিধায়ক—রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহা এবং বিধায়ক পিনাকী দাস চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ উপস্থিতি ছিল বিজেপি রাজ্য সহ-সভাপতি তাপস মজুমদার, খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস সহ ছয়টি মণ্ডলের সভাপতি ও স্থানীয় নেতৃত্বের।
দীর্ঘ রাজনৈতিক আলোচনার পর মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, মূলত দলীয় সংগঠনকে বুথ ও গ্রাম স্তরে আরও বেশি শক্তিশালী ও গতিশীল করা, সুনির্দিষ্ট নির্বাচনী কর্মকৌশল রূপায়ন এবং দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে নিবিড় সমন্বয় আরও সুদৃঢ় করাই এই বৈঠকের প্রধান উদ্দেশ্য। তিনি ব্যক্ত করেন, এডিসির প্রতিটি গ্রামীণ এলাকায় বিজেপির জনকল্যাণমুখী ভাবমূর্তিকে পৌঁছে দেওয়া এবং বর্তমান সরকারের সার্বিক উন্নয়ন বার্তা নিয়ে প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোই হবে আগামী দিনের প্রধান সংকল্প।
বৈঠক শেষে কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, “মন্ত্রী তথা জেলা ইনচার্জ সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে খোয়াই জেলার ৬টি মণ্ডলের সমস্ত স্তরের নেতৃবৃন্দকে নিয়ে আগামী দিনের নির্বাচনী রণকৌশল নিয়ে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা সুদৃঢ়ভাবে বিশ্বাস করি যে, একতাবদ্ধ লড়াইয়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি অভূতপূর্ব সাফল্য অর্জন করবে।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*