নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০৫ সেপ্টেম্বর || সাব্রুম মহকুমার মনু দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত রাজ্যস্তরের স্কুল স্পোর্টস খো-খো প্রতিযোগিতা ২০২৬-২৭-এর সফল সমাপ্তি হয়েছে। সাব্রুম মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা বিভাগের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই রাজ্যস্তরের প্রতিযোগিতায় ত্রিপুরার আটটি জেলার বালক ও বালিকা দল অংশ নেয়। কয়েকদিন ধরে চলা প্রতিযোগিতায় প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাকে ঘিরে মনু দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় গোমতী জেলা ও উত্তর জেলা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গোমতী জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে উত্তর জেলা।
অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালেও দারুণ পারফরম্যান্স করে দক্ষিণ জেলা। প্রতিপক্ষকে পরাজিত করে অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগে চ্যাম্পিয়নের খেতাব নিজেদের দখলে নেয় দক্ষিণ জেলা।
প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাসভাধিপতি দীপক দত্ত, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ, দক্ষিণ জেলার স্পোর্টস জয়েন্ট ডিরেক্টর রিতেশ শীল, বিশিষ্ট সমাজসেবী বিপুল ভৌমিক, সাব্রুম মহকুমার স্পোর্টস অফিসার জিমি দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
সমাপ্তি অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলগুলির হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। রাজ্যস্তরের এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ত্রিপুরার স্কুল পর্যায়ে খো-খো খেলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নতুন প্রতিভা উঠে আসার পথও সুগম হবে বলে মনে করছেন ক্রীড়ামহল।
