নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০৫ সেপ্টেম্বর || আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ জেলার রূপাইছড়ি ব্লকে মনোনয়নপত্র জমা দিল তিপ্রামোথা দলের প্রার্থীরা। শনিবার রূপাইছড়ি ব্লকের বিডিও প্রীতম দেবনাথের কাছে মনুবনকুল এলাকার পাঁচটি ভিলেজ কাউন্সিলের তিপ্রামোথা মনোনীত প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আসন্ন নির্বাচনে মনুবনকুল এলাকার পাঁচটি ভিলেজ কাউন্সিলে তিপ্রামোথা শক্তিশালীভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিপ্রামোথার নেতা মনিদ্র ত্রিপুরা জানান, নির্বাচনে দলের প্রার্থীরা সাধারণ মানুষের সমর্থন নিয়ে জয়লাভের লক্ষ্যে কাজ করবেন। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয়কে সামনে রেখেই নির্বাচনী প্রচারে জোর দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রাজ্যে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোট গণনা হবে ৫ অক্টোবর। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।
