আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর || আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। বিশেষ করে দলের ঘোষিত তালিকায় বর্তমান মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদারের নাম না থাকাকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।
এবারের পুরনিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না দীপক মজুমদার। বিজেপির সাংগঠনিক নীতি ‘এক নেতা, এক পদ’ মেনেই তাঁকে নির্বাচনী ময়দানে না নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের রাজ্য সভাপতি অভিষেক দেবরায়।
এই প্রসঙ্গে অভিষেক দেবরায় জানান, একজন বিধায়কের নিজের বিধানসভা এলাকার মানুষের প্রতি নির্দিষ্ট দায়বদ্ধতা রয়েছে। সেই দায়িত্ব পালনের বিষয়টিকে গুরুত্ব দিয়েই দীপক মজুমদারকে পুরনিগম নির্বাচনে প্রার্থী করা হয়নি। তবে পুরনিগম নির্বাচনে তাঁর মেয়াদকালে করা কাজ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সামনে রেখেই ভোটের প্রচারে নামবে বিজেপি।
দলের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে পুরনিগম নির্বাচনে নতুন নেতৃত্বকে সামনে আনার ইঙ্গিত মিলেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে সবচেয়ে বড় প্রশ্ন, দীপক মজুমদারের পরিবর্তে আগরতলা পুরনিগমে বিজেপির মেয়র পদপ্রার্থী হিসেবে কাকে সামনে আনা হবে? সেই উত্তর জানতে এখন রাজনৈতিক মহলের নজর দলের পরবর্তী পদক্ষেপের দিকে।
