গোপাল সিং, খোয়াই, ১৩ জানুয়ারী ৷৷ এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে খোয়াইয়ের স্বনামধন্য বীনাপানি ক্লাবের পাকা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হল বৃহস্পতিবার। এদিন বিকেলে ক্লাবের নবনির্মিত পাকা ভবনের ফলক উন্মোচন করেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্ত, ভাইস-চেয়ারপার্সন কানন দত্ত, দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ শংকর ভট্টাচার্য, খোয়াই পুর পরিষদের মূখ্য কার্যনির্বাহী সদস্য অভিজিৎ রিয়াং সহ অন্যান্যরা। এদিন প্রথমেই স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অতিথিরা। এরপর বসেআঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। ক্লাবের খরচ বাচিয়ে মূখ্যমন্ত্রীর ত্রান তহবিলে কিছু অর্থ তুলে দেয়া হয় বিধায়কের হাতে। এদিন ক্লাবের তরফে সুসজ্জিত ট্যাবলুও বের করা হয়।
