আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর ৷৷ তেলিয়ামুড়ার তৈদু থেকে আগরতলায় ফেরার পথে তৈদু গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার সহ চার ব্যাঙ্ক কর্মী অপহৃত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে জনমনে। অপহৃতরা হলেন ব্যাঙ্ক ম্যানেজার তন্ময় ভট্টাচার্য, সহকারী ম্যানেজার রক্তিম ভৌমিক, ক্যাশিয়ার সুজিত দে এবং গ্রুপ ডি (ডি আর ডাব্লিও) সুব্রত দেববর্মা। জানাযায়, শুক্রবার সন্ধ্যায় ব্যাঙ্ক থেকে বাড়ি ফেরার পথে তৈদু গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার সহ চার ব্যাঙ্ক কর্মী নিখোঁজ হয়ে যায়। অন্যান্য দিনের মতো নিজের গাড়িতে ছিলেন ম্যানেজার তন্ময় ভট্টাচার্য সহ তিন জন। গাড়ির সামনে অন্যান্য দিনের মতো বাইকে ছিলেন ডি আর ডব্লিও কর্মী সুব্রত দেববর্মা। সন্ধ্যা ৬টা নাগাদ তৈদু বাজারে আসতেই কয়েকজন এসে গাড়িটি আটকায়। অপহরন করে নিয়ে যায় ওদেরকে। নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় এবং ফোনেও তাদের না পেয়ে পরিবারের তরফে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। কিন্তু অপহৃতদের কোন খবর পায়নি। সন্ধান পায়নি গাড়ি ও বাইকের। শনিবার সকালেই রাজ্যের পুলিস মহানির্দেশক ঘটনা স্থলে ছুটে যান। যান গোমতী জেলার এস পি বিজয় দেববর্মা, তেলিয়ামুড়ার এস ডি পি ও তাপস দেব এবং ও সি কমল কৃষ্ণ কলই, অম্পির এস ডি পি ও এবং ও সি, তৈদু থানার ও সি সহ বিশাল পুলিস বাহিনী। শনিবার অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৬০ লক্ষাধীক টাকা দাবি করেছে বলে জানা যায়। রবিবার অপহৃত চার ব্যাঙ্ক কর্মীর গাড়ি ও বাইক উদ্ধার করেছে পুলিশ। কিন্তু অপহৃত তৈদু গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার সহ চার ব্যাঙ্ক কর্মীর কোনও হদিস পায়নি পুলিশ।উল্লেখ্য, ব্যাঙ্ক ম্যানেজার তন্ময় ভট্টাচার্যের বাড়ি রাণীবাজার এলাকায়। সহকারী ম্যানেজার রক্তিম ভৌমিকের বাড়ি আগরতলার ধলেশ্বর এলাকায় । বর্তমানে তিনি তেলিয়ামুড়ার ধর্মনগরের ভাড়া বাড়িতে থাকতেন। ক্যাশিয়ার সুজিত দে-এর বাড়ি আগরতলায় এবং সুব্রত দেববর্মার বাড়ি তেলিয়ামুড়ার মাণিকবাজার এলাকায়।
