জাতীয় ডেস্ক ৷৷ গুজরাতে ষষ্ঠ বারের জন্য ক্ষমতায় এল বিজেপি, কিন্তু কমল অনেকগুলি আসন!যার জেরে বিজেপির বিধায়ক তিন সংখ্যা থেকে নেমে এল একেবারে দু’সংখ্যায়!কোনওক্রমে ম্যাজিক ফিগার পেরোল বিজেপি!অন্যদিকে, ক্ষমতা দখল না করতে পারলেও, নরেন্দ্র মোদির রাজ্যে কড়া চ্যালেঞ্জ ছুড়ে সম্মান আদায় করে নিলেন রাহুল গাঁধী। নরেন্দ্র মোদীর জন্মভিটে ভডনগর যে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সেই উঞ্ঝা বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছে বিজেপি। মোদির ঘরেই কংগ্রেস প্রার্থী ১৯ হাজার ৫২৯ ভোটে জিতেছেন।গুজরাতের বিজেপি সরকারের ৭জন মন্ত্রীকে হারের মুখ দেখতে হয়েছে।গুজরাতের ১০টি বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যবধান এক হাজারেরও কম। বিজেপি ম্যাজিক ফিগার থেকে মাত্র সাতটি আসন বেশি পেয়ে ক্ষমতা ধরে রাখতে পেরেছে। তারা পেয়েছে ৯৯ আসন। অন্যদিকে, সরকার গড়তে না পারলেও গত বারের আসন অনেক বাড়িয়েছে কংগ্রেস। ম্যাজিক ফিগার থেকে ১২টি আসন কম পেয়েছে তারা। গুজরাতে কংগ্রেস পেয়েছে আশিটি আসন।অন্যান্যদের ঝুলিতে গিয়েছে তিনটি আসন। ভোট শতাংশের নিরিখেও বিজেপি-কংগ্রেসের মধ্যে কড়া টক্কর!গুজরাতে বিজেপি পেয়েছে প্রায় ৪৯ শতাংশ ভোট।কংগ্রেস জোটের ঝুলিতে গিয়েছে প্রায় ৪৩ শতাংশ ভোট।অন্যান্য ৬.৮৮%।গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপিকে কড়া টক্কর দিলেও কংগ্রেসের হাতছাড়া হিমাচলপ্রদেশ। ৫ বছর পর ফুটল পদ্ম। হিমাচলপ্রদেশের ৬৮টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪৪টি আসন। তাদের প্রাপ্ত ভোটের হার ৪৮.৭%। ২১টি আসন কংগ্রেসের ঝুলিতে। শতাংশের হিসেবে যা ৪১.৮।অন্যান্যের দখলে ৩টি আসন। ১৯৮৫ সাল থেকেই হিমাচলপ্রদেশে ৫ বছর অন্তর সরকার পরিবর্তন হয়ে আসছে। পাঁচ বছর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে কংগ্রেস-বিজেপিকে ক্ষমতায় আনে হিমাচল প্রদেশের জনতা। এবারও সেই ধারা অব্যাহত রইল। কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করল বিজেপি। গুজরাতের সঙ্গে হিমাচলের জয়ে সন্তোষ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ।
