জম্মু, ২৮ নভেম্বর ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের মধ্যেই জম্মুতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। গতকাল শুরু হওয়ার পর শেষ হল আজ সকালে। ভারত-পাক সীমান্ত সংলগ্ন জম্মু অঞ্চলের আরানিয়া সেক্টরে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের গুলি বিনিময় থামল আজ সকালে। এদিন সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে চতুর্থ জঙ্গির মৃত্যু হয়। প্রায় ২৪ ঘন্টার গুলি বিনিময়ে তিন সেনা জওয়ান সহ ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন পাঁচ অসামরিক ব্যক্তি।
জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি কে রাজেন্দ্র গুলি বিনিময় শেষ হওয়ার কথা জানিয়ে বলেছেন, জঙ্গিদের রুখে দিয়ে দুর্দান্ত কাজ করেছে নিরাপত্তা বাহিনী। নাহলে জঙ্গিরা অন্য কোনও জায়গায় আঘাত হানতে পারত। তিনি জানিয়েছেন, চার জঙ্গিরই মৃত্যু হয়েছে। উল্লেখ্য, গতকাল সেনার একটি টহলদার বাহিনীর ওপর অতর্কিতে হামলা চালায় আত্মঘাতী জঙ্গিরা।
গতকাল জানানো হয়েছিল, চার জঙ্গি মারা গিয়েছে। একজন জঙ্গি সেনারই একটি ব্যাঙ্কারে লুকিয়ে পড়েছে। সরকারি সূত্রে এ ব্যাপারে জানানো হয়েছে যে, গতকাল এক নিহতের পরিচয় সম্পর্কে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। গতকাল সারাদিনই জঙ্গিদের নিষ্ক্রিয় করার চেষ্টা চলে। তবে রাতে তা বন্ধ করে দেওয়া হয়। আজ সকালে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ের মাঝে পড়ে নিহত অসামরিক ব্যক্তিদের দেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, মোদি আজ দ্বিতীয় দফায় রাজ্যে ভোটের প্রচারে এসেছিলেন।
