আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল ৷৷ বিক্ষোভে অংশ নিলেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কলেজ থেকে শিক্ষক প্রশিক্ষণরত (বিএডি) পড়ুয়ারা এবং প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা। মঙ্গলবার যোগ্য শিক্ষক নিয়োগের দাবিতে আগরতলার ক্যাপিটেল কমপ্লেক্স এলাকার মহাকরণের সামনে ধর্নায় বসে তারা। পাশাপাশি মূখ্যমন্ত্রীর সরকারি আবাসের সামনেও ধর্নায় বসে তারা। তাদের অভিযোগ,ক্ষমতায় আসার আগে শিক্ষা ও স্বাস্থ্যসেবার গুণগত মানের সঙ্গে কোনো আপোষ করবে বলে কথা দিয়েছিল বিজেপি। কিন্তু ক্ষমতায় আসার পর এ প্রতিশ্রুতি রক্ষা করছে না। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে ছাড় দিচ্ছে। ফলে অনেক অযোগ্য লোক শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে চলেছেন।এদিন বিক্ষোভকারীরা মহাকরণের গেটের সামনে জড়ো হয়ে এ বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে কথা বলতে চান। কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ এতে বাধা দিলে তারা গেটের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন। বিক্ষোভকারীরা জানান, সরকার যদি তাদের দাবি না মানে তবে আন্দোলন আরও বড় আকার ধারণ করবে।
