আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই ৷৷ উদ্বোধন হলো রাজ্যের আরেকটি জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিপাহীজলা জেলার জেলা ও দায়রা জজ আদালতের উদ্বোধন করা হয়। সদর দপ্তর সোনামুড়ায় নতুন সিপাহীজলা জেলার জেলা ও দায়রা জজ আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তোগী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা ও দায়রা আদালতের বিচারপতি এস দত্ত পুরকায়স্থ, সোনামুড়া বার এসোসিয়েশনের সভাপতি মানিক সাহা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি এস তলাপাত্র, ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি অরিন্দম লোধ, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, বিধায়ক শ্যামল চক্রবর্তী, বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা, এডভোকেট জেনারেল অরুন কান্তি ভৌমিক, আইন সচিব দাতা মোহন জমাতিয়া প্রমুখ।উল্লেখ্য, আগামী ৩১শে জুলাই, ২০১৮ খোয়াইয়ে খোয়াই জেলার জেলা ও দায়রা জজ আদালত এবং ১০ই আগষ্ট, ২০১৮ আমবাসায় ধলাই জেলার জেলা ও দায়রা জজ আদালতের উদ্বোধন হতে যাচ্ছে।
