আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট ৷৷ আগরতলা শহরে চালু হল অনলাইন ট্যাক্সি সার্ভিস বা প্রিপেইড ট্যাক্সি এবং অটো পরিষেবা। রবিবার সন্ধ্যায় আগরতলা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পরিষেবা চালু করা হয়েছে। ওলা এবং ওবেরের মতো ‘জুগনো’ নামক একটি সংস্থা রাজ্যে (আগরতলা শহরে) এই পরিষেবা দেবে। এই পরিষেবার উদ্বোধন করেন পরিবহনমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। জানা যায়, প্রথম অবস্থায় এই অনলাইন ট্যাক্সি সার্ভিস আগরতলা এয়ারপোর্ট, হাপানিয়া, ডনবসকো, খয়েরপুর, আখাউড়া স্থলবন্দর পর্যন্ত দেওয়া হবে। তারপর আস্তে আস্তে সারা রাজ্যে ক্যাব পরিষেবা চালু করা হবে। জানা যায়, প্রথম অবস্থায় ১০০ টি ক্যাব এবং ১০০টি অটো পথে নামছে। সব গুলি হবে সি এন জি চালিত। সব ক্যাবেই থাকবে এ সি ব্যবস্থা। ট্যাক্সির জন্য নূনতম ভাড়া হবে ৫০ টাকা এবং অটোর জন্য নূনতম ভাড়া হবে ২০ টাকা। ‘জুগনো’ মোবাইলে আ্যাপটি ডাউনলোড করে অ্যাপের সাহায্যে ট্যাক্সি বা অটো বুকিং করা যাবে। আপনি যেখানেই থাকুন সেই নির্দিষ্ট জায়গায় ট্যাক্সি বা অটো পৌঁছে যাবে বলে জানান ইস্টার্ন ইন্ডিয়ার আধিকারিক তমাল সাহা।