গোপাল সিং, খোয়াই, ৩১ আগষ্ট ৷৷ দীর্ঘ ৫২ বছর খোয়াইয়ের লালদুর্গে খুঁটি গেড়ে পড়ে থাকা পোড় খাওয়া বাম নেতা তথা ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সি পি আই (এম) খোয়াই জেলা সম্পাদক বিশ্বজিৎ দত্ত বিজেপি’তে যোগ দিয়েছেন। অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার তিনি সি পি আই (এম)-এর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিজেপি দলে সামিল হলেন। এদিন খোয়াই অফিস রোডে খোয়াই বিজেপি মন্ডল অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে সি পি আই (এম)–এর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দত্ত এর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন বিজেপি’র সর্বভারতীয় সম্পাদক সুনীল দেওধর। এদিন বিজেপি দলে যোগ দিয়ে সি পি আই (এম)–এর প্রতি একরাশ ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দত্ত।তাছাড়া এদিন ভারতমাতা ও প্রয়াত জননেতাদের প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জলন ও ফিতা কেটে খোয়াই অফিস রোডে খোয়াই বিজেপি মন্ডল অফিসের উদ্বোধন করেন বিজেপি’র সর্বভারতীয় সম্পাদক সুনীল দেওধর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা বিজেপি সভাপতি হরিশংকর পাল, জেলা প্রভারি অমিত রক্ষিত, মন্ডল সভাপতি সুব্রত মজুমদার প্রমুখ।
