আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর ৷৷ দিল্লী সফর সেরে শুক্রবার রাজ্যে ফিরে বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যে ফিরে আগরতলা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বাইরে কর্মরত ত্রিপুরার ইঞ্জিনিয়াররা যাতে রাজ্যেই ভবিষ্যতে কর্মসংস্থান করে রাজ্যে থাকতে পারেন তার প্রয়াস চলছে। দুপুরে রাজ্যে ফিরলে আগরতলা বিমানবন্দরে মূখ্যমন্ত্রীকে স্বাগত জানান খুমুলুংস্থিত টি টি এ এ ডি সি পলিটেকনিক ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীরা।বৃহস্পতিবার নয়া দিল্লীতে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৈঠকে ত্রিপুরায় নেশা বিরোধী অভিযানকে পূর্ণ সমর্থন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী এই ব্যাপারে মূখ্যমন্ত্রীকে অভিযান জারি রাখার পরামর্শ দিয়েছেন। এছাড়াও আলোচনা হয় সপ্তম বেতন কমিশন থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম এবং কেন্দ্রীয় প্রকল্প রুপায়ন নিয়ে। প্রধানমন্ত্রী রাজ্যের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
