আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ ৷। রাজ্যের জনগণদের করোনা ভাইরাস সংক্রমণ থেকে রুখতে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছে আগরতলা প্রেস ক্লাব, ত্রিপুরা সিভিল সোসাইটি, সোসাইটি ফর ফাস্ট জাস্টিস এবং ত্রিপুরা জাগরণ মঞ্চ। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই চারটি সংগঠন রবিবারে প্রধানমন্ত্রীর কথা মতো ‘জনতা কার্ফু’ পালন করারও অনুরোধ করেন রাজ্যবাসীকে। পাশাপাশি এদিন রাজ্যের কর্মরত সাংবাদিকদের মধ্যে বিনামূল্যে মস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। জানা যায়, গোটার রাজ্যের সাংবাদিকদের মধ্যেই মস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করার উদ্যোগ নিয়েছে আগরতলা প্রেস ক্লাব। এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দেব, সম্পাদক প্রণব সরকার, ত্রিপুরা সিভিল সোসাইটির সভাপতি সঞ্জয় পাল, সোসাইটি ফর ফাস্ট জাস্টিস’র তরফে অধ্যাপক অরুণোদয় সাহা, ত্রিপুরা জাগরণ মঞ্চ’র তরফে শ্যামল চৌধুরী ও নকুল দাস।