আপডেট প্রতিনিধি, বক্সনগর, ০১ মে || বিদ্যুৎ দপ্তরে গাফিলতির কারণে অকালে ঝড়ে গেল একটি প্রাণ। শনিবার সকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ৩৫ বছরের এক গৃহবধূ। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল ছয় ঘটিকার সময় মানিক্যনগর গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ডের নয়নজলা এলাকার মৃত মাহাবুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম (৩৫) তার পরিবারের সাথে রুকিয়া সংলগ্ন এলাকায় ধান ঝারাই করতে যায়। ধান ঝাড়াই করতে গিয়ে জল পিপাসা পায়। আর তাতেই মহিলা পাশের বাড়িতে জল আনতে যাওয়ার সময় মাটিতে ঝুলে থাকা তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়ে যায় জমিতে। সাথে সাথে জমিতে কাজ করা লোকজনেরা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি বিদ্যুৎপৃষ্ঠ মহিলাটিকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।পরবর্তী সময়ে কলমচৌড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন।এলাকাবাসীর অভিযোগ এই তারগুলি মাটিতে ঝুলে থাকার কারণে বক্সনগর বিদ্যুৎ দপ্তরের অফিসে বহুবার জানানোর পরেও কোনো কাজ হয়নি। অবশেষে দপ্তরের অফিসে এসে লিখিত অভিযোগও জানায় জমির মালিক ও এলাকাবাসী। এই দপ্তরের গাফিলতির কারণেই অকালে চলে যেতে হল তিন সন্তানের স্বামীহারা জননী। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তার একটি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান রেখে গেছেন তিনি। গত সাত বছর আগে তার স্বামী মাহাবুল ইসলাম কুয়েতে কাজ করতে গিয়ে একটি কঠিন দুরারোগ্য আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল।সাত বছর ধরে এই মহিলা রেগার কাজ করে কোনো রকমে তার এই অভাবের সংসার প্রতিপালন করে আসছিল বলে জানা যায়।
