আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || বিজেপি’র সাংগঠনিক জেলা সদর আরবানের ওবিসি মোর্চার কার্যকারণী বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় এই এক দিবসীয় ওবিসি মোর্চার জেলা কার্যকারিণী বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি এডভোকেট সমীর রঞ্জন ঘোষ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিজেপি’র সদর আরবান জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ওবিসি মোর্চার জেলা সভাপতি সুকান্ত পাল প্রমুখ। বৈঠকে জেলা কমিটির সকল সদস্য এবং জেলার সাতটি মন্ডলের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। শুরতেই দলীয় পতাকা উত্তোলন করেন মোর্চার জেলা সভাপতি। ভারত মাতা, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি, পন্ডিত দীন দয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সকল কার্যকর্তা। রাষ্ট্র বন্দনার মধ্য দিয়ে শুরু হয় বৈঠক। জেলা কমিটির পক্ষ থেকে রাজনৈতিক সাংগঠনিক অর্থনৈতিক প্রতিবেদন পেশ করা হয়। রাজ্যের দুই বীর শহীদ জওয়ানদের এবং অন্যান্য শহীদের আত্মার সদগতি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। জেলার সাতটি মন্ডলের ওবিসি মোর্চার মন্ডল সভাপতি মন্ডল ভিত্তিক ওবিসি সংগঠনের চিত্র তুলে ধরেন। ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি সমীর রঞ্জন ঘোষ আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমের রূপরেখা তৈরি করে দেন। সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।
প্রতিটি বুথে ওবিসি মোর্চার মজবুত সংগঠন রয়েছে। কিছুদিনের মধ্যেই ওবিসি মোর্চার বুথ কার্যকর্তাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা যায়। আগামী বিধানসভা নির্বাচনে ওবিসি মোর্চা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ প্রতিটি মন্ডলে ওবিসি সম্প্রদায়ের ভোটার রয়েছে প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ।
