আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর || ১৫ই সেপ্টেম্বর ‘ইঞ্জিনিয়ার্স ডে’। এই দিনটি সারাদেশ জুড়ে ‘প্রকৌশলী দিবস’ হিসেবে উদযাপন করা হয়। এদিন সর্বশ্রেষ্ঠ ভারতীয় প্রকৌশলী ভারতরত্ন মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরাইয়া’র প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। যিনি স্যার এমভি নামেও সমধিক পরিচিত। ১৮৬১ সালে কর্ণাটকের মুদ্দেনহল্লি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সমাজে অসামান্য অবদানের জন্য তিনি আধুনিক মহীশূরের জনক হিসেবেও পরিচিত ছিলেন। ১৯৫৫ সালে, ভারত সরকার তাঁর অসংখ্য শিল্প, অর্থনৈতিক এবং সামাজিক প্রকল্পের জন্য তাঁকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভারতরত্ন’ দিয়ে সম্মানিত করে।
বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে রাজ্যেও দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। এদিন রাজধানীর প্রজ্ঞাভবনে ৫৫’তম ইঞ্জিনিয়ার দিবস উদযাপিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি বলেন, বিকাশমূলক কাজে ইঞ্জিনিয়ারদের বড় ভূমিকা রয়েছে। কারিগরের ভূমিকায় অবতীর্ণ হয়ে ইঞ্জিনিয়ারগণ নতুন নতুন উদ্ভাবন করে চলেছেন। রাজ্যের সার্বিক উন্নয়নেও ইঞ্জিনিয়ারদের বিশেষ অবদান রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
