আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর || ৩১শে অক্টোবর রাষ্ট্রীয় একতা, সংহতি ও সার্বভৌমত্ব রক্ষায় নিবেদিত প্রাণ লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবস। এদিন সরকারি ভাবে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলাস্থিত স্বামী বিবেকানন্দ ময়দানে। রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। তাছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, বিভিন্ন দপ্তরের সচিব, পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক প্রমুখ। এদিন অনুষ্ঠানে সবাইকে রাষ্ট্রীয় একতা দিবসের শপথ বাক্য পাঠ করিয়েছেন রতন লাল নাথ।
এরপর এদিন স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ইউনিটি রান অনুষ্ঠিত হয়। এই ইউনিটি রানটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শেষ হয়।
