আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি || রাজধানীর ধলেশ্বরস্থিত ব্লু-লোটাস ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ক্লাবে ধলেশ্বরী উৎসবের আয়োজন করা হয়। আগামী ২৬শে জানুয়ারি পর্যন্ত চলবে এই ধলেশ্বরী উৎসব। মঙ্গলবার এই ধলেশ্বরী উৎসবের উদ্বোধনি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন এই অনুষ্ঠানে ক্লাবে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এদিন মুখ্যমন্ত্রী এই রক্তদান শিবিরের উদ্বোধন করে শিবির ঘুরে দেখেন।
এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এলাকার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে ক্লাবে আসে। ক্লাব যদি নিরপেক্ষ ভাবে সেই সমস্যার সমাধান করতে পারে, তার থেকে ভালো কিছু আর হতে পারে না। তিনি বলেন, ক্লাব নিরপেক্ষ ভাবে কাজ করলে সরকারেরও কাজ অনেকটা কমে যায়। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছে। বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু রক্তের বিকল্প কোন কিছু নেই।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা।
