আধুনিক চিকিৎসায় ক্যান্সারের বিরুদ্ধে এখন লড়াই করা সম্ভবঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ ফেব্রুয়ারী || বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষে রবিবার আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে আয়োজিত হয় বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন অনুষ্ঠান।এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক চিকিৎসায় ক্যান্সারের বিরুদ্ধে এখন লড়াই করা সম্ভব। কিন্তু এই রোগ যাতে না হতে পারে তার কারণগুলি সম্পর্কে সকলের অবগতি থাকা প্রয়োজন। যদি ঠিক সময়ে এই রোগের সনাক্তকরণ করা যায়, তাহলে এই রোগকে প্রতিহত করে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব। তিনি বলেন, ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়া প্রয়োজন। এই ব্যবস্থা রাজ্য সরকার ক্যান্সার হাসপাতালে করেছে।
মুখ্যমন্ত্রী বলেন, আগে অটল বিহারি রিজিন্যাল ক্যান্সার হাসপাতালে শুধুমাত্র রেডিও থেরাপি দেওয়া হতো, এখন অন্তঃসার্জারি পর্যন্ত হাসপাতালে হয়। উত্তর ত্রিপুরা জেলায় একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণ করার জন্য ডাঃ আর কাননকে ১৫ একর জমি দেওয়া হবে। এর জন্য সরকার উদ্যোক্তার কাছ থেকে কোন ধরনের প্রিমিয়াম নেবেনা। মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দিয়েছে রাজ্য সরকার বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা ডি কে চাকমা, হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ শিরোমণি দেববর্মা প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*