নিজ বাড়ির বন্ধ ঘরে আইসিডিএস সুপারভাইসরের মৃতদেহ উদ্ধার

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৫ জুলাই || নিজ বাড়ির বন্ধ ঘরে এক সরকারি কর্মচারীর মৃতদেহ উদ্ধার। ঘটনা বৃহস্পতিবার সকাল নাগাদ গন্ডাছড়া মগপাড়া এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পৌছায়।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, খোয়াইর নিবাসী নিরমহল দেববর্মা গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ডুম্বুরনগর আইসিডিএস সুপারভাইসর হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে প্রয়াত সুপারভাইসর নিরমহল দেববর্মা গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর এডিসি ভিলেজের মগপাড়ার বাসিন্দা ছিলেন। প্রতিবেশি সূত্রে সংবাদ, প্রয়াত নিরমহল দেববর্মার স্ত্রী, তার একমাত্র সন্তানকে নিয়ে মণিপুরে নিজের বাবার বাড়িতে চলে যাওয়ার ফলে কয়েকদিন যাবৎ একাই ছিলেন নিরমহলবাবু। অন্যান্য দিনের মতোই মঙ্গলবার রাতে বাড়িতে এসে রাতের খাওয়াদাওয়া সেড়ে রাতে ঘুমিয়ে পড়েন নিরমহল। বাড়িতে কেউ না থাকায় বুধবার কেউ খোঁজ খবর করেনি। বৃহস্পতিবার সাত সকালে সন্দেহ বাড়ে গ্রামবাসীদের মধ্যে। একযোগে জনা কয়েক গ্রামবাসী নিরমহল দেববর্মার বাড়িতে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা জানালা বন্ধ রয়েছে। চলছে ফ্যান। এতে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয় গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌছায় পুলিশ। পুলিশের নির্দেশে ভাঙা হয় ঘরের দরজা। ঘরে প্রবেশ করে দেখা যায় আইসিডিএস কর্মরত সুপারভাইজার নিরমহল দেববর্মা নিজ বিছানার উপর মৃত অবস্থায় পড়ে রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পৌছায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নিরমহল দেববর্মার। উক্ত মৃত্যুর ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই শোক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মহকুমায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*