আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই || কথাঞ্জলি সাহিত্য সংস্থার উদ্যোগে শুক্রবার আগরতলা মুক্তধারা মিলনায়তনে কথাঞ্জলি সাহিত্য পত্রিকার আবরণ উন্মোচন, আলোচনা সভা, কবিদের কবিতা পাঠ ও সাংস্কৃতিকের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী তাপস ভট্টাচার্য, স্টেট লেভেল কালচারাল এডভাইসারি কমিটির ভাইস চেয়ারপার্সন সুব্রত চক্রবর্তী, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ডীন ডঃ চন্দ্রিকা বসু মজুমদার।
এদিন “একাত্ম মানবতাবাদ ও বর্তমান সমাজ”
এই বিষয়টির উপর বক্তারা আলোকপাত করেন। অনুষ্ঠানে কবিদের কবিতা পাঠ ও একটি সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কথাঞ্জলি সাহিত্য সংস্থার কর্ণধার শুভ্রা সাহা।
কথাঞ্জলি সাহিত্য সংস্থা বছরে দুটি সাহিত্য পত্রিকা প্রকাশ করে। কথাঞ্জলি সাহিত্য সংস্থার পক্ষ থেকে, শুভ্রা সাহা জানান যে, তাদের উদ্দেশ্যই হল নবাগত লেখক লেখিকাদের তুলে ধরা। তাদের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন দিক লেখার মাধ্যমে প্রকাশ করা।
২০১৮ সাল থেকে কথাঞ্জলি সাহিত্য সংস্থার যাত্রা শুরু এবং প্রতিবছরই সংস্থা বিভিন্ন সাহিত্য সংস্কৃতি মূলক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে নিয়মিত। সাহিত্য প্রকাশের মাধ্যমে মানুষের সঙ্গে মানবতার বন্ধনে আবদ্ধ হয়ে একাত্মতা অনুভব করে, পথ চলায় বিশ্বাসী এই সংস্থা।
এদিন এই অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে চণ্ডীপাঠ, গীতার শ্লোক পাঠ, সংস্কৃত সংগীত প্রভৃতি আধ্যাত্ম মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের মনোরঞ্জনে অগ্রনী ভূমিকা গ্রহণ করে।
