সুব্রত দাস, গন্ডাছড়া, ০৩ আগস্ট || প্রশাসনের চরম গাফিলতির ফলে চরম অচল অবস্থার সৃষ্টি হয়েছে গন্ডাছড়ার শরণার্থী শিবিরে। মিলছেনা সঠিক ভাবে খাবার দাবার। ছোট ছোট শিশুদের মিলছেনা পুষ্টিকর খাবার। শিবিরের পাকা মেঝের উপর একটি পাতলা পলিথিনের উপর শুতে হচ্ছে কচিকাচা সহ আশির শরণার্থীরা। সম্প্রতি বুধবার থেকে মুষলধারে আসা বৃষ্টির ফলে একদিকে নিচে বিছানো পলিথিন যেমন ভিজে উঠছে তেমনি শিবিরের চাল ছুঁইয়ে জল ঘরের ভিতরে পড়ছে। এতে কোন রকমে দিন কাটাচ্ছে শিবিরবাসীরা। শিবিরবাসীদের কোন রকমের ন্যূনতম কম্বল বালিশ টুকুও দেওয়ার প্রয়োজন মনে করছে না স্থানীয় প্রশাসন। ফলে শিবিরে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। শিবিরবাসীদের অভিযোগ শিবিরে পর্যপ্ত ঔষধপত্র নেই। প্রতিদিন শিবিরে এম পি ডোব্লিও এবং চিকিৎসক থাকার কথা থাকলেও কেউই শিবিরে থাকেন না বলে শিবিরবাসীদের অভিযোগ। জানা গিয়েছে, শুক্রবার মারাত্মক রোগে আক্রান্ত হয়ে শিবিরের দুইজন রোগী গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি হতে হয়েছে। শনিবারও এই শিবিরে রোগীরা কাতরাচ্ছে বলে খবর। কিন্ত চিকিৎসা পরিষেবা তলানিতে।
উল্লেখ্য, গত ১২ই জুলাই রাতে অনাকাঙ্কিত ঘটনার জেরে বাড়ী ঘর সহ সর্বস্য হারিয়ে প্রায় ১৬৫ পরিবারের ৪০০ জন কচিকাচা সহ গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অস্থায়ী শিবিরে শরণার্থী হিসাবে আশ্রয় নেয়। অভিযোগ এই শরণার্থীদের নিয়ে মহকুমা প্রশাসনের কোন মাথা ব্যাথাই নেই। ন্যূনতম কেমন আছে শরণার্থীরা তার খোঁজ খবর নেওয়ারও প্রয়োজন মনে করছে না। ফলে শিবির ছেড়ে পালাতে শুরু করেছে একে একে শিবিরবাসীরা।
