দেবজিত চক্রবর্তী , আগরতলা, ২৭ মে ।। ডানা মেলার প্রস্তুতির কথা শোনা যাচ্ছিল বহুদিন আগে থেকেই, অবশেষে এবার নিশ্চিৎ ডানা মেলে উড়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। বাংলায় উড়ালপুল আর ইংরেজীতে ফ্লাইওভার – আধুনিক প্রযুক্তিতে তৈরী এই পথ চলার ব্যবস্থা মূলতঃ যেখানেই গড়ে উঠে সেখানে থাকে সড়কের অস্বাভাবিক ব্যস্ততা। রাজধানী আগরতলায় ক্রমান্বয়ে জনসংখ্যা বৃদ্ধির
সঙ্গে বেড়ে চলেছে যান বাহনের সংখ্যা – রাস্তা চওড়া করলেও অবস্থা সামাল দেওয়া কষ্ট সাধ্য হয়ে দাঁড়াচ্ছে। ভবিষ্যৎ জানান দেবে ড্রপ গেইট থেকে ফায়ার স্টেশন পর্যন্ত এই উড়ালপুল সমস্যা নিরসনে কতদূর সার্থক ভূমিকা পালন করে। ২৭ মে ২০১৫ এই রাজ্যের জন্য স্মরণীয় দিন হিসেবেই ইতিহাসের পাতায় লেখা থাকবে কারন ড্রপ গেইটে পুলিশ প্যারেড গ্রাউন্ডে উড়ালপুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। উড়ালপুলের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী, নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, বিধায়ক রতন দাস সহ অন্যান্যরা।
