আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মে || রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে রাজ্য সরকার। রাজ্যের সবকটি জেলা, মহকুমা এবং ডিজিস্টার ম্যানেজমেন্টকে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যের মুখ্যসচিব জে. কে. সিনহা এবং রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডের সঙ্গে রাজ্যের বর্ষণজনিত পরিস্থিতির বিষয়ে পর্যালোচনা বৈঠক করেন।
এদিন বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, তিনি ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাদেরকে তৈরি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, যেসব মহকুমায় নদীগুলিতে জলস্ফীতি দেখা দিয়েছে সেইসব মহকুমায় মহকুমাশাসক এবং জেলা শাসকরা ডিজিস্টার ম্যানেজমেন্ট এর স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। জেলা ও মহকুমা প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে অবিরাম বৃষ্টিতে রাজ্যের জাতীয় সড়কগুলির বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু জায়গায় সড়ক নির্মাণের কাজ চলছে। যার ফলে স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে জনসাধারণকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রী নীতিন গড়করি’র সঙ্গে টেলিফোনে কথা বলেন।
