পদ নয়, মানবসেবাই ব্রত, দুঃস্থদের ‘পরিত্রাতা’ বক্সিং অ্যাসোসিয়েশন সভাপতি

গোপাল সিং, খোয়াই, ৯ জুন || ত্রিপুরা বক্সিং অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতির গুরুদায়িত্ব সামলানোর পাশাপাশি খোয়াইয়ের দুঃস্থ ও অসহায় মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন অভিজিৎ দত্ত ভৌমিক। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছেন গ্রামের দুঃস্থ ছাত্র-ছাত্রী থেকে শহরের পীড়িত মানুষের কাছে, বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। তাঁর এই মানবিক উদ্যোগে তিনি ‘পরিত্রাতা’ হিসেবে পরিচিতি পাচ্ছেন এলাকাবাসীর কাছে।
একসময় হিন্দু জাগরণ মঞ্চের সক্রিয় কর্মী এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সংগঠক হলেও, অভিজিৎ দত্ত ভৌমিকের সমাজসেবায় কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই। সম্প্রতি তিনি খোয়াইয়ের সিঙ্গিছড়া, গনকী কলোনি, অজগর টিলা এবং দুর্গাপুর এলাকায় দুঃস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এর আগেও তিনি খোয়াই বিপিসি পাড়া সহ বিভিন্ন অঞ্চলে এই ধারাবাহিক কর্মসূচি পালন করেছেন।
শিক্ষাক্ষেত্রের পাশাপাশি সাধারণ মানুষের বিপদে-আপদেও তিনি একজন নির্ভরযোগ্য সঙ্গী। কিছুদিন আগেই খোয়াইয়ের ৬ ও ৫০ নম্বর বুথের একাধিক দুঃস্থ পরিবার এবং ঋষি পাড়ার ১৪ নম্বর বুথের ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেন। তাঁর এই কাজে সহায়তা করেন স্থানীয় শিক্ষক বিজয় কুমার দেব এবং সংশ্লিষ্ট বুথ সভাপতিগণ।
শুধু তাই নয়, খোয়াই বা আগরতলার জিবি হাসপাতালে কোনো দুঃস্থ ব্যক্তি চিকিৎসাধীন থাকলে, খবর পাওয়া মাত্রই তিনি ছুটে যান। সেখানে গিয়ে তিনি শুধু চিকিৎসার খোঁজখবরই নেন না, পরিবারটিকে সবরকমভাবে পাশে থাকার আশ্বাসও দেন।
দীর্ঘ সময় ধরে তাঁর এই নিঃস্বার্থ কর্মকাণ্ডে খোয়াইয়ের সাধারণ মানুষ অভিভূত। তাঁর এই মহৎ উদ্যোগের জন্য এলাকাবাসী তাঁর ভূয়সী প্রশংসা করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*