বাইখোড়া স্বাস্থ্যকেন্দ্রকে মহকুমা হাসপাতালে রূপান্তরের দাবিতে ডেপুটেশন

বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ জুলাই || বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে মহকুমা হাসপাতালে রূপান্তরিত করার দাবিতে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে এক গুরুত্বপূর্ণ ডেপুটেশন প্রদান করলেন বাইখোড়া এলাকার বাসিন্দারা। বুধবার এক প্রতিনিধি দল জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) জ্যোতির্ময় দাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের দাবির বিষয়টি লিখিতভাবে তুলে ধরেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাইখোড়া বাজার ব্যবসায়ী সংঘের সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ সহ বাইখোড়া এবং আশপাশ এলাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। তাঁদের দাবি, বর্তমানে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন রোগী চিকিৎসা পরিষেবা নিতে আসেন। এছাড়াও, প্রতিনিয়ত ২০ থেকে ৩০ জন রোগী ভর্তি থাকেন। কিন্তু পর্যাপ্ত শয্যার অভাবে বহু রোগীকে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
এই প্রেক্ষিতে, বাইখোড়াবাসীর উন্নয়ন এবং স্বাস্থ্য পরিকাঠামোর অগ্রগতির স্বার্থে তাঁরা বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে মহকুমা হাসপাতালের মর্যাদা দেওয়ার জোর দাবি জানান। পাশাপাশি, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এবং জোলাইবাড়ী বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কেবিনেট মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার কাছেও সহযোগিতার আবেদন জানান প্রতিনিধি দল।
এ বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাঁদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি যথাযথভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন। এখন দেখার বিষয়, বাইখোড়াবাসীর এই ন্যায্য দাবির প্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*