আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুলাই || বিশ্ব বনদিবসকে কেন্দ্র করে পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে এগিয়ে এল সদর জেলা কংগ্রেস। সোমবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। পথচারীদের মধ্যে বিনামূল্যে চারা গাছ বিতরণ করেন কংগ্রেস কর্মীরা।
এই উপলক্ষে সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় বলেন, “জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানো একান্ত প্রয়োজন। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ এই দায়িত্ব নিজের কাঁধে নিক। তাই সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেই আজকের এই চারা বিতরণ কর্মসূচি।”
প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে পরিবেশ বান্ধব এই উদ্যোগ। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা।
তন্ময় বাবু আরও জানান, কেবল আজকের দিনেই নয়, কংগ্রেস ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে যাতে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাই সচেতন হন।
