আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই || “Generative AI for Smarter Governance” বিষয়ক কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান ও প্রেস ব্রিফিং বুধবার অনুষ্ঠিত হয় আগরতলার ইন্দ্রনগরের আইটি ভবনের সম্মেলন কক্ষে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও প্রযুক্তি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা, সরকারি দপ্তরের প্রতিনিধিরা, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
উক্ত কর্মশালার মূল উদ্দেশ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (Generative AI) প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শাসন ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও নাগরিকমুখী করে তোলা। কর্মশালায় বিভিন্ন বিশেষজ্ঞ বক্তব্য রাখেন কীভাবে প্রশাসনিক কাজকর্ম, ডেটা বিশ্লেষণ, নাগরিক পরিষেবা এবং সিদ্ধান্ত গ্রহণে জেনারেটিভ এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রেস ব্রিফিং-এ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা জানান, রাজ্যের বিভিন্ন দপ্তরে এই আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে নাগরিক পরিষেবার গুণমান আরও বাড়ানো হবে বলে আশ্বাস দেন তাঁরা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয় এবং সকলে প্রযুক্তির উন্নয়নকে সুশাসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে চিহ্নিত করেন।
এই কর্মশালা রাজ্যের ডিজিটাল ভবিষ্যতের দিশা দেখাল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
