কসবা কালীবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মৃত স্বামী-স্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট || ক্ষনিকের আনন্দ নিমেষেই পরিণত হলো শোকের ছায়ায়। খোয়াইয়ের বাসিন্দা দিবাকর ঘোষ (বিলোনিয়া গ্রামীণ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার) ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষ রবিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। তাঁদের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনসহ সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, দিবাকর ঘোষ পরিবার-সহ কসবা কালীবাড়ি মন্দিরে পুজো দিতে যান। মন্দিরে দর্শন শেষে সকলকে গাড়িতে তুলে দিয়ে দিবাকর ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সিপাহিজলা নৌকাঘাটে ঘুরতে যাবেন বলে রওনা দেন। ফেরার পথে গোকুলনগর ক্যাম্প এলাকায় পৌঁছতেই তাঁদের স্কুটিকে একটি মারুতি ইকো গাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।
মর্মান্তিক এই ঘটনায় স্তব্ধ স্থানীয় মানুষজন। নিহত দিবাকর ঘোষের বাড়ি খোয়াই হলেও কর্মসূত্রে তিনি আগরতলার রামনগরে ভাড়া থাকতেন। ছুটির দিনে স্ত্রীকে নিয়ে বেড়াতে বেরিয়েই শেষ হয়ে গেল দু’জনের প্রাণবন্ত জীবন।
অকালপ্রয়াণে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শোকে ভেঙে পড়েছেন মৃতদের বাবা-মা ও আত্মীয়স্বজন। মায়ের আর্তনাদে শিউরে উঠছে আশপাশের পরিবেশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*