স্বাধীনতার আনন্দে মনোরমা অনাথ আশ্রমে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ আগস্ট || ৭৯’তম স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মনোরমা অনাথ আশ্রমে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনভর উৎসবের আমেজে মেতে উঠলেন আশ্রমের আবাসিক ও অতিথিরা।
আজ সকালে দেশাত্মবোধক থিম নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। আবাসিকরা স্বাধীনতার গৌরবগাথা তাদের রঙে-তুলিতে ফুটিয়ে তুলেন। দুপুরে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আবাসিকরা মিলিত হয়ে ভোজে অংশ নেন।
বিকেলে সাংস্কৃতিক পর্বে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. জে. এম. দাস-এর হাতে রাখি পরিয়ে শুরু হয় নৃত্য, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন। অনুষ্ঠানে ৪৬ জন আবাসিক ছাত্রীদের হাতে বিতরণ করা হয় চকলেট, খাতা, কলম ও পড়াশোনার সামগ্রী।
ডা. জে. এম. দাস বলেন, “স্বাধীনতার আসল অর্থ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের প্রতিটি মানুষ সমান ভালোবাসা ও সুযোগ পায়। আজকের এই উদ্যোগ শুধু উৎসব নয়, এটি মানবিক দায়িত্বের প্রতিফলন।” ডা. অলক দাস যোগ করেন, “এ ধরনের সামাজিক কর্মসূচি আনন্দ দেয় ও মানুষকে একে অপরের কাছে নিয়ে আসে।”
দিনভর নানা আয়োজন ও উপহারের প্রাচুর্যে আবাসিকদের চোখেমুখে ফুটেছিল উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার আলো—যা যেন স্বাধীনতার সবচেয়ে সুন্দর প্রতিচ্ছবি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*