বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ আগস্ট || নেশার কবল থেকে যুবসমাজকে রক্ষা ও মাঠমুখী করার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া ইংলিশ মিডিয়াম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো শহীদ অমল সরকার ও শহীদ মানিক পাটারী স্মৃতি ভলিবল টুর্নামেন্ট। বাইখোড়া ও জোলাইবাড়ি এলাকার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন স্থান থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয় সাব্রুম জলেফা দল এবং রানারআপ হয় বাইখোড়া কসমোপলিটান ক্লাব। বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এদিন রানার্স টিমের হাতে সমাজসেবী ডক্টর জালাল মিয়া ১৫ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন।
ফাইনাল ম্যাচের সূচনা হয় শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে, তাঁদের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে। উল্লেখযোগ্য উপস্থিতি ছিল দুই শহীদ জোয়ানের সহধর্মিনী, পরিবারের সদস্য এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীদের।
ডক্টর জালাল মিয়া বলেন, “নেশা থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলাই একমাত্র পথ।” তাঁর উদ্যোগ ও এলাকার যুবকদের প্রচেষ্টায় এ ধরনের টুর্নামেন্ট প্রতিবছর আয়োজিত হচ্ছে।
ফাইনাল উপলক্ষে বাইখোড়া স্কুল মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ভলিবলপ্রেমীদের প্রাণবন্ত উৎসাহ ও করতালিতে জমে ওঠে ম্যাচ।
