বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ আগস্ট || দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলসী সৎসঙ্গপাড়ায় সোমবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি শিব মন্দিরের ভেতরে রক্তাক্ত অবস্থায় এলাকার যুবক (১৮)–এর মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এরপরই খবর দেওয়া হয় বাইখোড়া থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বাইখোড়া থানার এসআই অর্জুন চাকমা, এএসআই মরন বৈদ্য সহ পুলিশ বাহিনীর অন্যান্য কর্মীরা। তারা মন্দির প্রাঙ্গণ ঘিরে তদন্ত শুরু করেন। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারেননি এসআই চাকমা। তিনি জানান, ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে মৃতদেহ পরীক্ষা না করা পর্যন্ত আঘাতের কোনো চিহ্ন রয়েছে কিনা তা বলা সম্ভব নয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলেও তিনি জানান।
পুলিশ সূত্রে আরও জানা যায়, মৃত যুবকের বাবা জানিয়েছেন যে তার ছেলে বেশ কয়েক বছর ধরে মাদকাসক্ত ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, ওই নেশাজনিত কারণেই মৃত্যু হতে পারে। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, পরিবারের পক্ষ থেকে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
