আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট || থাইল্যান্ডের ব্যাংককে ১৮ই আগস্ট থেকে ২৫শে আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে ৫৭’তম এশিয়ান বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৫। এই মর্যাদাপূর্ণ আসরে অফিসিয়েটিংয়ের জন্য সারা ভারত থেকে মাত্র দুজন আন্তর্জাতিক জাজ আমন্ত্রণ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন বডিবিল্ডার, কোচ এবং ত্রিপুরা বডি বিল্ডারস অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস। অপরজন হলেন ওড়িশার শ্রীমতি সুমিত্রা ত্রিপাঠী।
ফোনে প্রতিক্রিয়ায় তনয় দাস বলেন, “এই সুযোগ আমার জীবনের এক বিশেষ অর্জন। আন্তর্জাতিক মঞ্চে বাংলাভাষী একমাত্র জাজ হিসেবে উপস্থিত হওয়া আমার জন্য যেমন সম্মানের, তেমনি রাজ্যের জন্যও এক বিরল গৌরব।”
ভারতীয় দলের কোচ হিসেবে থাকছেন আরাসো মৌনাগুরু এবং ম্যানেজার হিসেবে লেসলাই জন পিটার। ক্রীড়ামোদী মহলে প্রত্যাশা, ভারতীয় দল এবারের চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে।
