গোপাল সিং, খোয়াই, ২১ আগস্ট || বুধবার ধর্মনগরের আইএসবিটি প্রাঙ্গণে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর এক সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, ওই সভায় উপস্থিত না থাকার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, সঞ্জয় নাথ নামে এক ব্যক্তি কর্মস্থলের দায়িত্বে থাকার কারণে সভায় যোগ দিতে পারেননি। সারাদিনের রোজগার শেষে রাতে বাড়ি ফেরার পথে ধর্মনগরের জোড় কার্লবার্ট সংলগ্ন এলাকায় কয়েকজন বিএমএস কর্মী তাকে আটকায়। এরপর বিএমএস অফিসের শৌচাগারের সামনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় গাড়ি চালকেরা বৃহস্পতিবার ধর্মনগর থানায় অফিসার ইনচার্জ মিনা দেববর্মার নিকট লিখিত আকারে এক ডেপুটেশন দেন। বর্তমানে গুরুতর আহত সঞ্জয় নাথকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদিও বিএমএস-এর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয়দের মতে, “কেবলমাত্র সভায় উপস্থিত না থাকার জন্য একজন সাধারণ মানুষকে এভাবে মারধর করা একেবারেই অমানবিক ও নিন্দনীয়।”
