জাতীয় ক্রীড়া দিবসে ত্রিপুরার খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী

গোপাল সিং, আগরতলা, ৩০ আগস্ট || খেলাধুলার ক্ষেত্রে ত্রিপুরার অপার সম্ভাবনাকে কাজে লাগাতে এবং খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের জন্য পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করছে। শনিবার বাধারঘাটের দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত জাতীয় ক্রীড়া দিবসের রাজ্যস্তরীয় অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। তিনি খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও ভালো ফলাফলের জন্য অনুশীলনে আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং এই ক্ষেত্রে প্রশিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। “খেলাধুলার ক্ষেত্রে ত্রিপুরায় প্রতিভার কোনো অভাব নেই। খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের জন্য পরিকাঠামো উন্নয়নে জোর দিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার,” মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মন্তব্য করেন।
যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়ও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে বাধারঘাটের দশরথ দেব রাজ্য ক্রীড়া কমপ্লেক্সে উদযাপিত জাতীয় ক্রীড়া দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য্য, বিধায়িকা মিনা রানী সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করে।
এদিকে, সাংসদ রাজীব ভট্টাচার্য্য এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ৬৮তম জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা (২০২৪-২৫)-এর পদকজয়ীদের সম্মান জানাতে পেরে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ক্রীড়া জীবনের শৃঙ্খলা, একাগ্রতা ও সুস্থ মানসিকতার প্রতীক। এই বিশেষ দিনটি ক্রীড়া সংস্কৃতির প্রসার ঘটানোর পাশাপাশি খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগানোর গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*