আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট || আগাম অনুমতি নেওয়া সত্ত্বেও কংগ্রেসের প্রতিবাদী জনসভাস্থল পরপর তিনবার পরিবর্তন করা হয়। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দেন ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। জনসভাস্থল নিয়ে বারবার স্থানান্তরের জেরে তিনি উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গে উত্তেজিতভাবে প্রতিবাদ জানান।
শনিবার আগরতলায় অনুষ্ঠিত হয় বিজেপি সরকারের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের সহায়তায় ভোট চুরির অভিযোগে কংগ্রেসের এক রাজ্যভিত্তিক কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির ত্রিপুরা রাজ্য ইনচার্জ সপ্তগিরি শংকর উলাকা, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক তথা ত্রিপুরা রাজ্য ইনচার্জ ক্রিস্টোফার তিলক, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরজীৎ সিনহা সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। 
