রাইমাভ্যালি বিধানসভায় ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিতর্ক, শান্তির বার্তা নিয়ে বিজেপির সাংবাদিক সম্মেলন

সুব্রত দাস, গন্ডাছড়া, ৩০ আগস্ট || রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের রাজনীতিতে ফের উত্তেজনার আবহ। বিজেপির রাইমাভ্যালি মণ্ডলের জনজাতি মোর্চার সভাপতি খজেন্দ্র রিয়াংয়ের ব্যক্তিগত ফেসবুক পেজে করা একটি পোস্টকে ঘিরে রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পোস্টটি সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল। ইতিমধ্যেই এটি সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই প্রেক্ষাপটে শনিবার রাইমাভ্যালি মণ্ডলের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি ধন্যমানিক্য ত্রিপুরা, গোপাল সরকার, আদিত্য সরকার, মদন চাকমা, লিটন দেবনাথসহ একাধিক স্থানীয় নেতা।
ধন্যমানিক্য ত্রিপুরা সাংবাদিকদের জানান, খজেন্দ্র রিয়াং গন্ডাছড়া গ্রামীণ ব্যাংকের পাশে পিটিজি দপ্তরের উদ্যোগে একটি স্টল নির্মাণের চেষ্টা করেন। তবে মণ্ডলের আলোচনায় বাধার সম্মুখীন হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে ওই বিতর্কিত পোস্ট করেন। ধন্যমানিক্য আরও বলেন, বিষয়টি জেলা ও রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। সদর দপ্তরের নির্দেশ পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “এই ঘটনা শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে, তাই সকলকে সতর্ক থাকতে হবে।”
অন্য নেতারা খজেন্দ্র রিয়াংয়ের পোস্টকে তাঁর “ব্যক্তিগত মতামত” বলে উল্লেখ করেন। মণ্ডলের পক্ষ থেকে জানানো হয়, দলীয় স্তরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বস্তরে শান্তি বজায় রাখার চেষ্টা অব্যাহত থাকবে।
সাংবাদিক সম্মেলনের শেষে নেতৃবৃন্দ সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করেন, অযথা বিতর্কিত বিষয় প্রচার না করে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে। বর্তমানে স্থানীয় রাজনীতি বিজেপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*