আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট || আজ থেকে ২৫ বছর আগে প্রয়াত হন যোগেন্দ্রনগর এলাকার সিপিআই(এম)’র অন্যতম নেতৃত্ব ডঃ অজিত রায় চৌধুরী। তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে শনিবার বিদ্যাসাগর পার্টি অফিস প্রাঙ্গণে শহিদান দিবস পালন করা হয়।
অনুষ্ঠানকে ঘিরে ছিল দলীয় কর্মী-সমর্থকদের আবেগঘন পরিবেশ। শহিদ নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানান সিপিআইএম নেতৃত্ব। একই দিনে ডি ও আই এফ আই যোগেন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার। পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক রামু দাস সহ অন্যান্য নেতৃত্বরা। বক্তৃতায় তাঁরা ডঃ রায় চৌধুরীর ত্যাগ ও সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে চলার আহ্বান জানান।
