আপডেট প্রতিনিধি, কৈলাশহর, ০২ সেপ্টেম্বর || এলাকার স্বাস্থ্য পরিষেবা আরও গতিশীল করতে বিশেষ পদক্ষেপ নিলেন ৫৩-নং বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজীৎ সিনহা। মঙ্গলবার সকালে কৈলাশহর লায়ন্স ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে লায়ন্স ক্লাবকে শীতাতপ-নিয়ন্ত্রিত একটি আধুনিক এম্বুলেন্স প্রদান করেন তিনি। এই এম্বুলেন্সটি এসেছে বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে।
অনুষ্ঠানে এম্বুলেন্সটির চাবি তুলে দেন বিধায়ক স্বয়ং। উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়্যারম্যান বদরুজ্জামান, মহকুমা শাসক বিপুল দাস, লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি সুপ্রিয় দেবরায়, বর্তমান সভাপতি প্রানতোষ রায়সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিরজীৎ সিনহা জানান, “মানুষের জীবনের সুরক্ষা সর্বাগ্রে। জরুরি সময়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই এম্বুলেন্স ভুমিকা রাখবে। ভবিষ্যতেও এলাকার জনকল্যাণমূলক কাজে অগ্রাধিকার দেওয়া হবে।”
এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার পরিবেশ তৈরি হয়েছে।
