আন্তর্জাজাতি ডেস্ক, নেপাল, ০৫ সেপ্টেম্বর || নেপালে শুক্রবার থেকে ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও এক্স-এর মতো প্ল্যাটফর্মও এর আওতায় এসেছে।
সরকারের দাবি, ২০২৩ সালের নির্দেশিকা ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই প্ল্যাটফর্মগুলিকে দেশে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল। কিন্তু তারা তা মানেনি। ফলে কার্যকর হলো এই নিষেধাজ্ঞা। সরকার বলছে, এর উদ্দেশ্য মূলত অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ ও নজরদারি। তবে সমালোচকদের মতে, এই সিদ্ধান্তে মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে, ব্যবসা-বাণিজ্যে আঘাত আসবে এবং ভিপিএন ব্যবহারের ঝুঁকি ও সাইবার অপরাধ আরও বাড়তে পারে। উল্লেখযোগ্যভাবে, যারা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করেছে—যেমন টিকটক—সেই প্ল্যাটফর্মগুলো চালু থাকবে। ভবিষ্যতে অন্য প্ল্যাটফর্মগুলোও রেজিস্ট্রেশন করলে নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সরকার। ডিজিটাল অধিকার কর্মীদের দাবি, এই পদক্ষেপ অনলাইন স্বাধীনতার ওপর বড় ধাক্কা। অন্যদিকে ব্যবসায়ী মহল আশঙ্কা করছে, এর প্রভাব পড়বে ই-কমার্স ও ডিজিটাল মার্কেটিংয়ে।
