গোপাল সিং, খোয়াই, ০৮ সেপ্টেম্বর || খোয়াই থানার ওসি ও এসডিপিও খোয়াই-এর নেতৃত্বে রবিবার গভীর রাতে পুলিশের বিরাট সাফল্য খোয়াইতে। খোয়াই থানাধীন নদীলাগুয়া দশমী ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুতকৃত কাপড় উদ্ধার করল খোয়াই থানার পুলিশ। গতকাল রাতে এই বিশেষ অভিযানে পুলিশ ১৯ বস্তা কাপড় বাজেয়াপ্ত করে।
ওসি কৃষ্ণধন সরকার মিডিয়াকে জানিয়েছেন, বিএসএফ ১০৪ ব্যাটালিয়ন থেকে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ ও এসডিপিও খোয়াই-এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নদীঘাট এলাকা থেকে সন্দেহজনকভাবে মজুত রাখা কাপড়গুলো উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই বিপুল পরিমাণ কাপড় চোরাচালানের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। বাজেয়াপ্ত করা কাপড়গুলোর বাজারমূল্য উল্লেখযোগ্য পরিমাণ। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তকরণের জন্য তদন্ত শুরু হয়েছে। এদিকে খোয়াই নদীঘাট চত্বর থেকে ১৯ বস্তা কাপড় উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যকলাপ রুখতে অভিযান জারি থাকবে।
