গোপাল সিং, খোয়াই, ০৯ সেপ্টেম্বর || ছৈলেংটা থানার অন্তর্গত চাইলতাছড়া ভিলেজ কমিটি এলাকার দেবেন্দ্রপাড়ায় দুঃসাহসিক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হন সদা মোহন ত্রিপুরা (৩৭), পিতা পালেন্দ্র ত্রিপুরা। প্রত্যক্ষদর্শীদের জানায়, সোমবার বিকেল প্রায় ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে সদা মোহন ত্রিপুরা ছৈলেংটা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা দেশীয় তৈরি বন্দুক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। তার পিঠ, ঘাড় এবং হাতে একাধিক গুলি লাগে।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ছৈলেংটা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে কুলাই জেলা হাসপাতালে রেফার করেন। ঘটনার খবর পেয়ে ছৈলেংটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই সন্দেহভাজন দুইজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং এর কারণ উদঘাটনে তদন্ত চলছে। এই আকস্মিক গুলিবর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
