আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর || দুর্গাপূজার প্রাক্কালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সমাজপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। তিনি তাঁদের মূল্যবান মতামত মনোযোগ সহকারে শোনেন এবং সমাজজীবনে তাঁদের ভূমিকার প্রশংসা করেন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই জনজাতি সমাজের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের মতো ক্ষেত্রগুলিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সমাজপতিদের অভিজ্ঞতা ও জ্ঞান নীতি গ্রহণের ক্ষেত্রে সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মুখ্যমন্ত্রী বলেন, সমাজপতিদের কাছ থেকে প্রাপ্ত মতামত তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে এবং সবচেয়ে পিছিয়ে থাকা মানুষের উন্নয়নে তিনি আরও দৃঢ়ভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তিনি জনজাতি সমাজকে ত্রিপুরার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন এবং তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করেই অর্থনৈতিক উন্নয়ন সাধনের উপর জোর দেন।
আলোচনা শেষে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে, সরকারের পরিকল্পনায় সমাজপতিদের পরামর্শ গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করা হবে। উন্নয়নের প্রতিটি স্তরে তাঁদের সহযোগিতা এবং সক্রিয় ভূমিকা ভবিষ্যতেও অপরিহার্য হবে।
দুর্গাপূজা উপলক্ষে এই মতবিনিময়কে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে জনজাতি সমাজের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।
