সাগর দেব, তেলিয়ামুড়া, ১৮ আগস্ট || তেলিয়ামুড়া থানার অন্তর্গত এলাকায় একই রাতে দুই-দুটি বিদ্যালয়ে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণি বিদ্যালয় এবং মোহরছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটে।
তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক বিক্রম দেবনাথ জানান, মঙ্গলবার সকালে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক কর্মী বিদ্যালয় খুলতে এসে প্রথমে চুরির বিষয়টি লক্ষ্য করেন। এরপর প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক এবং বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যদের ঘটনাটি অবগত করা হয়। যদিও এখনো সঠিকভাবে কী কী জিনিসপত্র চুরি হয়েছে তা জানা যায়নি, তবে ঘটনাস্থলের পরিস্থিতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে চুরি পূর্বপরিকল্পিতভাবেই সংঘটিত হয়েছে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিদ্যালয় থেকে কম্পিউটারের হার্ডডিস্ক ও ইন্টারনেট পরিষেবার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়েছে। এর ফলে বিদ্যালয়ের তথ্য-প্রযুক্তি নির্ভর কার্যক্রমে বড় ধরণের বিঘ্ন সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষকরা।
উল্লেখ্য, সম্প্রতি তুইচিন্দ্রাই দ্বাদশ শ্রেণি বিদ্যালয়েও একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল। এবার তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম ও মোহরছড়া বিদ্যালয়ে চুরির ঘটনায় গোটা তেলিয়ামুড়া মহকুমায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখন দেখার বিষয়, তদন্তে এই রহস্যজনক চুরির আসল কারণ ও দোষীদের গ্রেফতার করা সম্ভব হয় কি না।
