গোপাল সিং, খোয়াই, ১৮ সেপ্টেম্বর || বিশালগড় থানার উদ্যোগে ফের নেশা বিরোধী অভিযান। বুধবার দুপুরে পূর্ব চাম্পামুড়া এলাকায় একাধিক দেশি চোলাই মদের গোপন কারখানায় হানা চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করল পুলিশ। জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ শীল ও চন্দনা দেববর্মার বাড়িতে দেশি চোলাই মদের রমরমা ব্যবসা চলছিল। অভিযোগ, এই মদ এলাকার যুবসমাজের হাতে পৌঁছে তাদের বিপথে চালিত করছিল। বিশালগড় থানার ওসি বিজয় দাসের কাছে খবর পৌঁছাতেই, তাঁর নির্দেশে সাব-ইন্সপেক্টর রামমোহন দেববর্মা ও এএসআই অরুণ দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর জওয়ানরা ওই দুই বাড়িতে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় প্রায় ১৭০ লিটার দেশি চোলাই মদ এবং মদ তৈরির কাঁচামাল—পচা ভাতসহ বিভিন্ন সরঞ্জাম। পুলিশের উপস্থিতিতে এগুলি ধ্বংস করা হয়।
অভিযানের সময় অভিযুক্ত চন্দনা দেববর্মা পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়ে। তিনি অভিযোগ করেন, এডিসি এলাকায় যেখানে একই ধরনের মদের কারখানা চলছে, সেখানে না গিয়ে কেন তাঁর বাড়িতে অভিযান চালানো হলো। পাল্টা পুলিশ জানায়, তাঁর বাড়িতে তৈরি মদই এলাকার যুবসমাজকে নেশাগ্রস্ত করছে। এদিকে সাব-ইন্সপেক্টর রামমোহন দেববর্মা সাংবাদিকদের জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ত্রিপুরা এক্সাইজ আইনে মামলা রুজু করা হবে। তিনি আরও জানান, বিশালগড় থানার পক্ষ থেকে নিয়মিত এ ধরনের নেশা বিরোধী অভিযান চালানো হয় এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
