আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর || আগামী ২২শে সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরা সফরকে কেন্দ্র করে বৃহস্পতিবার উদয়পুরের পালাটানা OTPC হেলিপ্যাড গ্রাউন্ডে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখা হয়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সরেজমিনে পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, সাংসদ রাজীব ভট্টাচার্য, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার ও অভিষেক দেবরায়।
মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টরা হেলিপ্যাড গ্রাউন্ডে আয়োজিত স্থল, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখেন। প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে সমস্ত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
