গোপাল সিং, খোয়াই, ১৯ সেপ্টেম্বর || শুক্রবার সন্ধ্যায় খোয়াই পুরাতন টাউন হলে ষষ্ঠ বর্ষে পদার্পণ করল খোয়াই কালচারাল সেলের উদ্যোগে আয়োজিত মা দুর্গার আগমনী সাংস্কৃতিক অনুষ্ঠান “এসো মা”। শারদোৎসবের আবহে আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব্বর্মা (উদ্বোধক), খোয়াই পুর পরিষদের পৌরপিতা দেবাশীষ নাথ শর্ম্মা (প্রধান অতিথি), সমাজসেবক সমীর কুমার দাস, অনিমেষ নাগ, রঞ্জন দাস এবং খোয়াই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেব্বর্মা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পিযুষ কান্তি চৌধুরী এবং আহ্বায়ক ছিলেন খোয়াই কালচারাল সেলের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য্য।
মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয় অনুষ্ঠানের। প্রথম পর্বে খোয়াই মহকুমার সঙ্গীত ও নৃত্য শিক্ষা কেন্দ্রের কর্ণধার, বিশিষ্ট বাচিকশিল্পী, যন্ত্রসঙ্গীতশিল্পী ও সংস্কৃতিসেবকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণও করা হয়। দ্বিতীয়ার্ধে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। খোয়াই মহকুমার বিভিন্ন সঙ্গীত ও নৃত্য শিক্ষা কেন্দ্রের শিল্পীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশনা মঞ্চ মাতিয়ে তোলে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৌর প্রতিম শর্ম্মা ও বাচিকশিল্পী তমা মজুমদার। শারদোৎসবের প্রাক্ লগ্নে এই আগমনী অনুষ্ঠান খোয়াই শহরের কৃষ্টি-সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাকে নতুনভাবে প্রাণবন্ত করে তুলেছে।
